প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৪

প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে ভূমিহীনদেন মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে ভূমিদস্যু, সন্ত্রাসী ও জোতদারদের কবল থেকে ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর ব্যাগ্যা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ৭০০ ভূমিহীন পরিবারের ৮ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল চর ব্যাগ্যা গ্রামের সফি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙন, সাইক্লোন ও জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সবাই বসতবাড়িসহ সবকিছু হারিয়েছি। আমাদের দেখার মতো কেউ নাই। আমরা আজ অসহায় হয়ে আছি। কিন্তু ভূমিদস্যুরা আমাদের উপর হামলা চালাচ্ছে। আমাদের উপর অত্যাচার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায় বিচার চাই। ভূমিদস্যুদের অত্যাচার থেকে রক্ষার দাবিতে আমরা এখানে মানববন্ধন করছি। ফিরোজ নামে এক ব্যক্তিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তার অত্যাচার ও আলো মাঝি ও বাদশা বাহিনীর বিচার দাবি করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলা উদ্দিন ওরফে আলো মাঝি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমি একজন্য ব্যবসায়ী। এ জায়গার মালিক জমিদার হাট এলাকার ফিরোজ ওরফে এলাহী ফিরোজ। তবে আমি ভূমিহীনদের ওপর হামলার সাথে জড়িত নেই। অপরদিকে, অভিযোগের বিষয়ে জানতে এলাহী ফিরোজের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।

মানববন্ধনে মো. ইরান,নুরুল হক, নুরুল আলম, বেলায়েত, সফি চৌধুরী জামে মসজিদের ইমাম মো.আব্বাস হুজুর প্রমুখ বক্তব্য রাখেন।

এবিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, এ জায়গা নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে। আদালত এ জায়গায় দুই পক্ষের ওপর স্থিতিবস্থা জারি করেছে। ওই মামলা শেষ হলে প্রকৃত ভূমিহীন থাকলে তাদের মধ্যে বন্দোবস্ত দিতে কোনো সমস্যা নেই।

আরও পড়ুন

  • সুবর্ণচর এর আরও খবর