
নিজস্ব প্রতিবেদক : হাতিয়া কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, জেলার প্রবীণ সাংবাদিক, লেখক, কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিন ( ৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (০২ জুলাই) বাদ আছর জেলা সদরের কালিতারা বাজার সংলগ্ন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাপন সম্পন্ন করা হয়। এরআগে, বৃহস্পতিবার শেষ রাত পৌনে ৩টার দিকে জেলা শহরের প্রাইম হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম এম. দিলদার উদ্দিন দ্বীপ উপজেলা হাতিয়ার ছৈয়দিয়া বাজার এলাকার মরহুম সামছুল হক জাহাঙ্গীর মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলার গুণী সাংবাদিক এম. দিলদার উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি হাতিয়ার ইতিহাস, সংস্কৃতি ও মানুষের কথা তুলে ধরার এক নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি একাধারে হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক- প্রকাশক, লেখক, গল্পকার, উপন্যাসিক ও সাহিত্যিকও ছিলেন।
এম. দিলদার উদ্দিনের মৃত্যুতে নোয়াখালী প্রেস ক্লাব, দৈনিক নোয়াখালীর কথা’র সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন, নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, হাতিয়া প্রেস ক্লাব, দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক মোহাম্মদ সোহেল বাদশা’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :