প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৫

সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমের শোকসভা

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট চ্যানেল মাইটিভির সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আবদুল কাইয়ুমের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথায় রাব্বানী প্লাজার দ্বিতীয় তলায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ক্লাবের অর্থ সম্পাদক খন্দকার মো. দিদারুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুবর্ণ প্রেসক্লাবের উপদেষ্টা মো. হুমায়ুন কবির, সভাপতি মো. নিজাম উদ্দিন, সহ-সভাপতি হামিদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিবিষয়ক সম্পাদক হানিফ মাহমুদ, প্রচার ও দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, সদস্য রেদোয়ান হোসেন, ফরকান আলী সুজন ও হাসান মাহমুদসহ আরো অনেকে।

সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মরহুম আবদুল কাইয়ুম স্যার একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দীর্ঘদিন তিনি কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তবে শিক্ষকতার চেয়ে সাংবাদিকতায় তিনি বেশ পরিচিত ছিলেন। গত ১৭ জানুয়ারি দুপুর ২টায় উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমরা তার জন্য আল্লাহর নিকট দোয়া করি। আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

অনুষ্ঠান শেষে সাংবাদিক মরহুম আবদুল কাইয়ুমের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই শোকসভা শেষ হয়।

আরও পড়ুন

  • গণমাধ্যম এর আরও খবর