• ঢাকা
  • সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মেয়াদোত্তীর্ণ সার, বীজ ও কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে বসুরহাট পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

জরিমানা হওয়া প্রতিষ্ঠান দুটি হলো ‘এম ইসলাম এন্ড ব্রাদার্স’ এবং ‘বসুরহাট বীজ ভান্ডার’।

আদালত সূত্রে জানা গেছে,  বসুরহাট পৌরসভার বাজারে নিয়মিত তদারকি ও বাজার মনিটরিং অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী দোকানে ২০২৪ ও ২০২৫ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিভিন্ন প্রকার রাসায়নিক সার, বীজ, কৃষি ওষুধ ও কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রেখেছেন।

মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের এসব কৃষি উপকরণ প্রদর্শন ও সংরক্ষণ করার দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম জানান, প্রান্তিক কৃষকেরা যেন প্রতারিত না হন এবং বাজারে যেন আসল ও গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ নিশ্চিত করা যায়, সেজন্য প্রশাসনের এই তদারকি ও জনস্বার্থমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • কোম্পানীগঞ্জ এর আরও খবর