• ঢাকা
  • শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জুলাই, ২০২৬

সেনবাগে এমপি জয়নুল আবদিন ফারুকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। সভায় তিনি সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বিভক্তি দূর করে পেশাগত ঐক্য সুদৃঢ় করতে একটি অভিন্ন প্রেসক্লাব গঠনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সেনবাগে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, সেনবাগে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমন্বয়ের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, স্বাধীনতা ও ঐক্য অটুট রাখতে একটি অভিন্ন প্রেসক্লাব গঠন সময়ের দাবি।

তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে তথ্য আদান-প্রদান সহজ হবে, পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

সভায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে অভিন্ন প্রেসক্লাব গঠনের লক্ষ্যে প্রাথমিকভাবে চার সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেলা প্রেসক্লাব-১-এর সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা প্রেসক্লাব-২-এর সভাপতি নাছির উদ্দিন এবং উপজেলা প্রেসক্লাব-৩-এর সভাপতি গিয়াস উদ্দিন স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মো. আবদুল হান্নান লিটনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকরা সংসদ সদস্যের প্রস্তাবনার সঙ্গে একমত পোষণ করেন। সর্বসম্মতিক্রমে সাংবাদিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দ্রুত একটি অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, একটি অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় বিভক্তি ও ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সেনবাগে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর