প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২৬

স্বামীকে বাঁচাতে কিডনি দিতে চান স্ত্রী

স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ উপজেলায় তাজ উদ্দিন টিপু নামে এক ব্যক্তির দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় তাকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে চান স্ত্রী তাজ নাহার। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে অসহায়ত্বের মধ্যে দিন কাটছে পরিবারটির। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন তাজ উদ্দিন টিপু। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে কিডনি প্রতিস্থাপন করতে হবে। পরীক্ষায় দেখা গেছে, স্ত্রী তাজ নাহারের কিডনি স্বামীর শরীরে প্রতিস্থাপনের উপযোগী। স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তাই নিজের একটি কিডনি দিতে প্রস্তুত তিনি। তবে অপারেশন, চিকিৎসা ও পরবর্তী ব্যয় বহনের মতো সামর্থ্য না থাকায় পরিবারটি এখন বিপাকে পড়েছেন।

তাজ নাহার বলেন, স্বামীকে বাঁচাতে আমি আমার একটি কিডনি দিতে রাজি আছি। একজন স্ত্রী হিসেবে এটাই আমার দায়িত্ব। কিন্তু অপারেশনের খরচ বহন করার মতো সামর্থ্য আমাদের নেই। আমি চাই আমার স্বামী সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এজন্য সমাজের সবা সহযোগিতা কামনা করছি।

তাজ উদ্দিন টিপু বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আমার স্ত্রী কিডনি দিতে রাজি হয়েছেন, কিন্তু অর্থের অভাবে আমরা চিকিৎসা করাতে পারছি না। আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বলেন, পরিবারটির বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। একজন স্ত্রী স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিতে এগিয়ে এসেছেন, এটি অত্যন্ত মানবিক ও অনুপ্রেরণাদায়ক বিষয়। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে পরিবারটির জন্য কিডনি প্রতিস্থাপনের পথ সহজ হবে।

তিনি আরও বলেন, মানবিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সবাইকে পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাই।

আরও পড়ুন

  • বেগমগঞ্জ এর আরও খবর