
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে দ্বীপ উপজেলা জুড়ে বইছে বিজয়ের উচ্ছ্বাস ও আবেগের ঢেউ। দীর্ঘ প্রতীক্ষার পর জনগণের রায়ে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন আবদুল হান্নান মাসউদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ফল ঘোষণার পরপরই সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে, বিভিন্ন স্থানে মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা যায়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, আবদুল হান্নান মাসউদ পেয়েছেন ৯০ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। এ হিসেবে ২৬ হাজার ৭৪৬ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন হান্নান মাসউদ।
অন্যান্য প্রার্থীদের মধ্যে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম পেয়েছেন ৪ হাজার ৬৮০ ভোট, ফুটবল প্রতীকের তানভীর উদ্দিন রাজিব ৩ হাজার ৭১৪ ভোট, হাতপাখা প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২ হাজার ১৭৯ ভোটসহ বাকি প্রার্থীরাও সীমিত সংখ্যক ভোট পেয়েছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৯২৫টি এবং না ভোট পড়েছে ৫৩ হাজার ২৪৮টি। নির্বাচন ঘিরে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জানান, নোয়াখালী জেলা–এর এ গুরুত্বপূর্ণ আসনে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।
বিজয়ের পর আবদুল হান্নান মাসউদের সমর্থকদের মাঝে যেমন আনন্দের জোয়ার বইছে, তেমনি সাধারণ ভোটারদের মাঝেও নতুন প্রত্যাশা জন্ম নিয়েছে। উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে হাতিয়ার মানুষের স্বপ্ন পূরণ হবে—এমন আশাই এখন সবার মুখে মুখে।
আপনার মতামত লিখুন :