
উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
হাতিয়া উপজেলাতে নির্বাচনের পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বদলে ভীতি বিরাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে বিজয়ের পর যেখানে মানুষের আনন্দ-উল্লাসে মেতে ওঠার কথা, সেখানে অনেকেই আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
হান্নান মাসউদের দাবি, নির্বাচনের পর কয়েক দিনে হাতিয়ার বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, অসংখ্য বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে এবং এতে বহু মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, এমন সহিংস পরিস্থিতি হাতিয়ার নির্বাচনী ইতিহাসে বিরল।
তিনি আরও অভিযোগ করেন, বাইরের সন্ত্রাসী ও চাঁদাবাজদের এনে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় কয়েকশ’ বাড়িঘর ও বহু দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন। আহতদের দেখতে গিয়ে হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ অভিযোগ করেন, ভোটের দিন সকালে তার গাড়িবহর এবং পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এসব ঘটনার জন্য তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীমকে দায়ী করেন। তবে তার দাবি, শেষ পর্যন্ত ভোটাররা ব্যালটের মাধ্যমে সহিংসতার জবাব দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী এবং হামলায় আহত কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :